img

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। আগস্ট মাস হতে এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। 

প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটিতে মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে, প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। 

শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এ অবস্থায় ২৪ তারিখের মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

এই বিভাগের আরও খবর